বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

ফুটপাত দখল করলেই মালামাল ক্রোক ও মামলা

জাতীয় ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৮:৪৯ পিএম

ফুটপাত দখল করলেই মালামাল ক্রোক ও মামলা

রাজধানীর সড়ক ও ফুটপাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও অবৈধভাবে হকার বসলে সরাসরি মালামাল ক্রোক ও মামলা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ধলপুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, অবৈধ দখল উচ্ছেদ ও নাগরিক ভোগান্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শৃঙ্খলা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসক স্পষ্ট করেন যে এখন থেকে নিবন্ধন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে পারবে না। একবার উচ্ছেদ করার পর যারা পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করবে, তাদের মালামাল অবিলম্বে বাজেয়াপ্ত করা হবে এবং সরাসরি নিয়মিত মামলা দায়ের করা হবে। হকারদের জন্য কিছু সুনির্দিষ্ট ফুটপাত ও এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে। তবে জিরো পয়েন্ট থেকে শুরু করে সদরঘাটের মূল সড়কসহ কোনো অননুমোদিত ফুটপাতে হকারদের বসতে দেওয়া হবে না।

পুনর্বাসন ও উচ্ছেদ নোটিশ প্রসঙ্গে প্রশাসক জানান যে হকার নেতাদের সঙ্গে একাধিক দফা বৈঠকের মাধ্যমেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই নতুন করে কাউকে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যারা নিয়মিত কর পরিশোধ করে নাগরিক সুবিধা দাবি করেন, তাদের অধিকার ও প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশমুখে ঢাকা ওয়াসার ধীরগতির খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট জনভোগান্তি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আবদুস সালাম। 

তিনি বলেন, সেবা নিতে এসে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই ওয়াসাসহ সব সেবা সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা মেরামতের কাজ শেষ করতে বলা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে প্রতি ১৫ দিন পর পর নিয়মিত পর্যালোচনা বৈঠক হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টেলিযোগাযোগ ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে কাজ করে এসব দীর্ঘদিনের জটিলতার স্থায়ী সমাধান নিশ্চিত করতে চায়।