শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
ফুটপাত দখলমুক্ত

ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১২:৫২ পিএম

ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের সময় তিনি এসব কথা বলেন।

নগরের বিভিন্ন চলাচলের পথ দখল করে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টির বিষয়টি উল্লেখ করে প্রশাসক বলেন, কিছু ব্যবসায়ী ও হকার ফুটপাতে চকি-মাচা ও অন্যান্য স্থাপনা বসিয়ে প্রতিবন্ধকতা তৈরি করছেন। সম্প্রতি ডিএনসিসির উদ্যোগে সবচেয়ে বেশি দখল হওয়া জায়গাগুলোর একটি—১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাত—দখলমুক্ত করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সহযোগিতা করেছেন।

এই উদ্যোগের পর সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানান তিনি।

অনেকে জানিয়েছেন, ১৩ থেকে ২০ বছর ধরে তারা ওইভাবে ঢাকার রাস্তায় হাঁটতে পারেননি। যেসব এলাকায় এখনও ফুটপাত দখল করে রাখা হয়েছে, পর্যায়ক্রমে সেখানেও অভিযান চালানো হবে বলে শফিকুল ইসলাম নিশ্চিত করেন। দখলমুক্ত করা ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে জন্য স্থানীয় জনগণ, সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম প্রতিদিন সকাল, দুপুর, বিকাল ও সন্ধ্যায় ফুটপাত এলাকায় পর্যবেক্ষণ করছে এবং মাইকিং করে ফুটপাতে কাউকে বসতে না দেওয়ার বিষয়ে প্রচারণা চালাচ্ছে।

ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এখনও কিছু ফুটপাত দখল রয়েছে।

এসব জায়গায় আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং কিছু জায়গা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে এসব জায়গাতেও দখলমুক্ত অভিযান পরিচালনা করা হবে। ফুটপাত দখল নিয়ে রাজনৈতিক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ সিটি কর্পোরেশনই নিচ্ছে এবং তিনি নিজে বিএনপির একজন কর্মী হিসেবে সহকর্মীদের সঙ্গে নিয়ে এই কাজ করছেন। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে যেখানে প্রয়োজন, সেখানে কাউকে না জিজ্ঞেস করেই ফুটপাত দখলমুক্ত করা হবে।

দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, কিছু কুচক্রী মহল সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। দলের ভেতরে ও বাইরে যারা দুষ্কৃতিকারী হিসেবে কাজ করছে, তাদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, নগরবাসী সচেতন হলে এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতা করলে নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে।