রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
নবম পে স্কেল

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন মাসের বকেয়া বেতন

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ১০:৫১ এএম

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন মাসের বকেয়া বেতন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

নতুন জাতীয় পে স্কেল কার্যকরের পর সরকারি চাকরিজীবীরা একসঙ্গে প্রায় তিন মাসের বর্ধিত বকেয়া বেতন পেতে যাচ্ছেন। বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই বকেয়া অর্থ পরিশোধ করবে। তবে এই বকেয়ার পরিমাণ সব কর্মকর্তা-কর্মচারীর জন্য সমান হচ্ছে না। প্রত্যেকের বর্তমান গ্রেড, মূল বেতন, নতুন পে স্কেলের নির্ধারিত ধাপ এবং কার্যকর হওয়ার তারিখ বিশ্লেষণ করে পৃথকভাবে বকেয়া হিসাব করা হবে। 

কোনো কর্মচারী অনলাইনে তথ্য অন্তর্ভুক্তিতে জটিলতার মুখে পড়লে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সরাসরি সহায়তা পাবেন। সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হয়ে এই অনলাইন পে-ফিক্সেশন চলবে ২০ অক্টোবর পর্যন্ত। সরকারি কর্মচারীদের এজন্য সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেম বা আইবাস প্লাস প্লাস পোর্টালে ঢুকে নিজেদের প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে বর্ধিত বেতন ও বকেয়া পাওয়ার পূর্বশর্ত হলো নির্ভুল তথ্য প্রদান। 

তথ্যে অসঙ্গতি ধরা পড়লে বেতন নির্ধারণের ফাইল আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের হিসাবরক্ষণ কর্মকর্তাদের এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ভার্চ্যুয়াল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত ১৯ সেপ্টেম্বর ঘোষিত চাকরি সংক্রান্ত বেতন ও ভাতাদি আদেশের ভিত্তিতে এই বেতন নির্ধারণের কাজ চলছে। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন এক লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

আইবাস প্লাস প্লাস পোর্টালে কর্মীদের জাতীয় পরিচয়পত্র নম্বর, পদবি, বর্তমান মূল বেতন এবং যোগদানের তারিখের পাশাপাশি পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য নথিভুক্ত করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট অফিস আদেশের অনুলিপি প্রস্তুত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। হিসাবরক্ষণ কার্যালয় এসব যাচাই শেষে চূড়ান্ত অনুমোদন দেবে। অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন, অক্টোবর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলের আওতায় বেতন পেতে যাচ্ছেন। 

তিনি স্পষ্ট করেন যে সার্ভিস রেকর্ড এবং অফিস আদেশে কোনো গরমিল না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া ও নিয়মিত বেতন একসঙ্গে পৌঁছে যাবে। ঘোষিত পে স্কেল কার্যকর করা হচ্ছে তিন ধাপে। চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপ বাস্তবায়িত হবে। নতুন পে স্কেলের আওতায় বর্ধিত অন্যান্য ভাতা চালু হতে সময় লাগবে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত।