অক্টোবর ৪, ২০২৬, ১১:১১ এএম
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। রোববার সকাল পৌনে ১০টায় দেশি-বিদেশি আমন্ত্রিত প্রতিনিধিদের অংশগ্রহণে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার অধিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দিনের কার্যসূচিতে আন্তর্জাতিক কূটনীতি, বৈশ্বিক বাণিজ্য, গণতন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু নিরাপত্তা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশদ আলোচনার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে এটি এই আন্তর্জাতিক ফোরামের পঞ্চম সম্মেলন।
এর আগে শনিবার তিন দিনব্যাপী এই বৈশ্বিক সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন। তিন দিনের এই আন্তর্জাতিক আয়োজন শেষ হবে আগামী সোমবার।
সম্মেলনের দ্বিতীয় দিনের সূচি অনুযায়ী সকাল ১১টায় গ্র্যান্ড বলরুমে ফাইভ সিজ, ওয়ান গ্যাদারিং স্টর্ম শিরোনামে কৌশলগত বক্তৃতা দেন ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সিনিয়র সাংবাদিক এম জে আকবর। সকাল ১১টা ২০ মিনিটে দ্য ডিপ্লোম্যাটিক লেন্স পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার। এরপর বেলা সাড়ে ১১টায় নেতৃত্ব ও যোগাযোগ প্রক্রিয়া বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন ভারতের যোগাযোগ বিশেষজ্ঞ ও এক্সিকিউটিভ কোচ পাপা সিজে।
দুপুর ১২টা ১০ মিনিটে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব ও নেতৃত্ব পর্যালোচনা নিয়ে হু গেটস টু লিড শীর্ষক গ্র্যান্ড কনভারসেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে আলোচক হিসেবে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, নির্বাচনী সংস্কার কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল আলীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। এই বিশেষ অধিবেশনটির সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ও নির্বাচন বিশেষজ্ঞ ক্যাথরিন এম সিসিল।
এরপর দুপুর ১টা ১০ মিনিটে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তার বক্তব্যের দশ মিনিট পর দুপুর ১টা ২০ মিনিটে ডু উই নো হাউ টু গভর্ন শীর্ষক পর্বে সুশাসনের চ্যালেঞ্জ ও বাস্তবতা নিয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র সম্পাদক মাহফুজ আনাম।
বিকেলের সেশনে রাষ্ট্র পরিচালনায় উদীয়মান প্রযুক্তির ভূমিকা খতিয়ে দেখতে দুপুর আড়াইটায় শুরু হয় হু ডিসাইডস হোয়েন দ্য মডেল ডিসাইডস শীর্ষক বিশেষ অধিবেশন। এই আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ, শ্রীলঙ্কার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারুনা শ্রী ধনপালা এবং এশিয়া ফাউন্ডেশনের ইনসাইটওয়ার্কসের নির্বাহী পরিচালক নিকোলা নিক্সন। পর্বটি সঞ্চালনা করেন এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ।
বিকাল সাড়ে ৩টায় বিটউইন পাওয়ার অ্যান্ড প্রিন্সিপল শীর্ষক বে অব বেঙ্গল লেকচার প্রদান করেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। পরবর্তীতে বিকাল ৩টা ৫০ মিনিটে সমকালীন সাংবাদিকতার গতিপ্রকৃতি তুলে ধরে জার্নালিজম আফটার দ্য টার্নিং পয়েন্ট বিষয়ে বক্তব্য দেন সিনিয়র সম্পাদক মতিউর রহমান।
দিনের শেষ মূল অধিবেশন হিসেবে বিকাল ৪টায় বসে দ্য ডেমোক্রেসি কনভারসেশন শীর্ষক আন্তর্জাতিক লিডারশিপ ফোরাম। এতে অংশ নেন ভারতের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের প্রেসিডেন্ট অশোক সাজ্জানহার, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা, লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেজস পোটাপকিনস এবং মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন। অধিবেশনটির সঞ্চালনায় ছিলেন নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বরাল।
চলতি সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিক, কূটনীতিক, অর্থনীতিবিদ, গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। অধিবেশনগুলোতে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ক্ষমতার ভারসাম্য, বৈশ্বিক রূপান্তর, জলবায়ু সংকট, বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক ভূকৌশল ও বাণিজ্যিক নিরাপত্তা বিষয়ে যৌথ মতামত বিনিময়ের কাজ চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন