রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প: ঢাকাসহ কাঁপল দেশ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৯:৫৫ এএম

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প: ঢাকাসহ কাঁপল দেশ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেড় ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল। শনিবার দিবাগত মধ্যরাতে সংঘটিত এসব ভূকম্পনে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ঝাঁকুনি অনুভূত হয়।

আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে প্রথম ভূকম্পনটি আঘাত হানে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় সৃষ্ট এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।ঠিক এক মিনিট পর দ্বিতীয় দফা কম্পন অনুভূত হয়।

রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর রেশ কাটতে না কাটতেই রাত ১টা ২৭ মিনিটে আঘাত হানে তৃতীয় ভূমিকম্পটি। ভারতের ত্রিপুরার আগরতলা অঞ্চলে সৃষ্ট এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮।

স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূকম্পনের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন জনপদে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকায় বারবার কম্পনের উৎপত্তিস্থল চিহ্নিত হলেও গভীর রাতে রাজধানী ঢাকাসহ দেশের অভ্যন্তরীণ অনেক অঞ্চলেও এর মৃদু প্রভাব লক্ষ্য করা গেছে।