বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
পানি বণ্টন কূটনীতি

পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ১২:১৬ পিএম

পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ। এই কমিটিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নয়াদিল্লির কাছে তাদের প্রতিনিধিদের আনুষ্ঠানিক নাম চেয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন।

রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে এক আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা: যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক ওই সেমিনার শেষে প্রতিমন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানির বিষয়ে বাংলাদেশের দাবির পেছনে আন্তর্জাতিক আইন ও দেশের কোটি কোটি মানুষের পূর্ণ সমর্থন রয়েছে।

ন্যায্য অধিকার আদায়ে সরকার কোনো ধরনের আপস করবে না।

হুমায়ুন কবির স্পষ্টভাবে উল্লেখ করেন, পানির ন্যায্য বণ্টন নিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাবে সরকার এবং এ বিষয়ে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। একই সাথে তিনি জানান, সংকট মোকাবিলায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নতুন আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে সক্রিয়ভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। এই আন্তর্জাতিক ফোরামটি গঠিত হলে সেখানে বাংলাদেশের সরাসরি কার্যকর নেতৃত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।

ভবিষ্যতের পানি কূটনীতির নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, বৈশ্বিক জলবায়ু ও ভূরাজনীতি পরিবর্তনের এই সময়ে তরুণদের জন্য অর্থবহ সুযোগ তৈরি করতে হবে। তাদের আধুনিক বিজ্ঞান, আন্তর্জাতিক নদী আইন ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।