রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নুরাল পাগলার মরদেহে আগুন, জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৩৭ পিএম

নুরাল পাগলার মরদেহে আগুন, জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস

ছবি - সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হক মোল্লার কবর অবমাননা ও তার মরদেহে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাতে এক বিবৃতিতে সরকার এই অমানবিক ও ঘৃণ্য কাজটি দেশের মূল্যবোধ, আইন এবং সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা, জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।" সরকার জনগণকে আশ্বস্ত করেছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।

যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে, দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ঘৃণা ও সহিংসতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং ন্যায়বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তোলেন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরুল হক মোল্লার মৃত্যুর পর তার মরদেহ গোয়ালন্দের নিজ বাড়িতে একটি বিশেষ কায়দায় মাটি থেকে কয়েক ফুট উঁচুতে দাফন করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তার মরদেহ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।