সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:৩২ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা নয়। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি, কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি, যা রাসুলের শিক্ষা নয়। তিনি বলেন, মহানবী (সা.) ছিলেন ঐক্যের প্রতীক।
অথচ আমরা নিজেদের ধর্মকে বিভিন্ন ফেরকা ও বিভাজনের মাধ্যমে বিভক্ত করছি। তার রেখে যাওয়া আদর্শ ও আল্লাহর দেওয়া বাণী যদি সামান্যতমও অনুসরণ করা যেত, তাহলে দেশ থেকে অন্যায়, অনাচার, হানাহানি ও রক্তারক্তি বন্ধ হয়ে যেত।
তিনি আক্ষেপ করে বলেন, যিনি আমাদের আদর্শের প্রতীক, তাকে আমরা কেউ অনুসরণ করি না, অনুকরণ করি না। এটিই আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।
মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন