সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:৩৬ পিএম
মুক্তিকামী মানুষের আন্দোলন-সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।রবিবার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বদরুদ্দীন উমর ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পরিবর্তনের জন্য শুরু থেকেই গণ-অভ্যুত্থানের কথা বলেছেন এবং সম্প্রতি ঘটে যাওয়া জুলাই আন্দোলনকে উপমহাদেশের একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
প্রফেসর ইউনূস আরও বলেন, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর ছিলেন মুক্তবুদ্ধি ও প্রগতি সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিক ছিলেন না, তিনি ছিলেন একজন সংগ্রামী, যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।দেশের প্রতি গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে সরকার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে।
প্রধান উপদেষ্টা বলেন, বদরুদ্দীন উমরের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনী ও জীবনদর্শন ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য এক অনন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে।
শোকবার্তায় প্রফেসর ইউনূস বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন