সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাসুল (সা.)-এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য": ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৩৯ পিএম

রাসুল (সা.)-এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয়, পারিবারিক সংকট এবং ধর্মীয় দ্বন্দ্ব কমাতে রাসুল (সা.)-এর সীরাত (জীবনচরিত) চর্চা অপরিহার্য। তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতি যেমন জীবনকে সহজ করেছে, তেমনি বিভিন্ন সামাজিক সমস্যাও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে রাসুলের শিক্ষা মানবজাতির জন্য পথপ্রদর্শক।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর কাকরাইলে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত অলিম্পিয়াড-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় সংঘাত আজকের বিশ্বের অন্যতম প্রধান সমস্যা।

রাসুল (সা.) মদিনায় যে সনদ প্রণয়ন করেছিলেন, তাতে সবার ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয়েছিল। তাঁর এই শিক্ষাই আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার প্রকৃত ভিত্তি।হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন প্রখ্যাত আলেম বক্তব্য রাখেন।

পরে উপদেষ্টা সীরাত অলিম্পিয়াডে বিজয়ী ৩০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন।উল্লেখ্য, এই অলিম্পিয়াডে প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রথম স্থান অর্জনকারীকে উমরাহ প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারীকে ল্যাপটপ এবং তৃতীয় স্থান অধিকারীকে ট্যাবলেট দেওয়া হয়েছে। এছাড়া, চতুর্থ থেকে দশম স্থান অধিকারীকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।