বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:১৬ পিএম

নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার আগে যাদের জন্ম, এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে খসড়া তালিকা প্রস্তুত, দাবি-আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে ইসি।

সময়সূচি অনুযায়ী:

  • ২৫ অক্টোবর: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে প্রেরণ।

  • ১ নভেম্বর: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ।

  • ১৬ নভেম্বর: দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময়।

  • ১৭ নভেম্বর: দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময়।

  • ১৮ নভেম্বর: হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

এর আগে গত ৩১ আগস্ট, ইসি ২০২৫ সালের সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন।