শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্গাপূজায় ৩১৫৭৬ মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:২৩ পিএম

দুর্গাপূজায় ৩১৫৭৬ মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার

ছবি - সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের ৩১,৫৭৬টি পূজামণ্ডপে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন থাকবেন।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিশাল নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের আগে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা এবং জনগণবান্ধব মনোভাবের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

নিরাপত্তার দায়িত্বে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আনসার বাহিনী তাদের আধুনিক সফটওয়্যার ব্যবহার করছে। নব সংযোজিত AVMIS সফটওয়্যার-এর মাধ্যমে সদস্যদের নিবন্ধন এবং তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি, STDM সফটওয়্যার ব্যবহার করে দায়িত্ব পালনের কার্যক্রম তদারকি করা হবে।

নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে পূজামণ্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন, এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, দেশের ৬৪টি জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ছয়জন করে সদস্য থাকবে, যারা নিয়মিত টহল পরিচালনা করবে এবং যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।