সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসায় আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:৫৮ পিএম

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসায় আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক

ছবি - সংগৃহীত

টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন। তিনি আজ রাত ১০টার দিকে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।গত সোমবার টঙ্গীর একটি রাসায়নিক গুদামে আগুন নেভানোর সময় শতভাগ দগ্ধ হয়েছিলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ।

মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে আরও তিনজন দগ্ধ ফায়ার ফাইটার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা সেবার মানকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন।নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেওয়া শামীম আহমেদের বাড়ি নেত্রকোনায় এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।

বর্তমানে চিকিৎসাধীন তিন ফায়ার ফাইটার হলেন: শতভাগ দগ্ধ নুরুল হুদা, ৪২ শতাংশ দগ্ধ অফিসার খন্দকার জান্নাতুল নাঈম এবং ৫ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার জয় হাসান।