সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৪ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন প্রচলিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ীই অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাংলাদেশের সংবিধান বা আরপিও-তে নেই। নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে হলে সংবিধান এবং আরপিও-তে পরিবর্তন আনতে হবে, যা নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।
সিইসি আরও বলেন, এনসিপি নেতা সারজিস আলমের মন্তব্য, ‘শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয় দেখব’, এটিকে তিনি হুমকি মনে করেন না। তিনি জানান, রাজনীতিবিদরা অনেক কথাই বলেন এবং কমিশন তাদের কাজ নিরপেক্ষভাবে করে যাবে।
'শাপলা' প্রতীক প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, এই প্রতীকটি কাউকে দেওয়া হয়নি। এনসিপির আগে 'নাগরিক ঐক্য'ও প্রতীকটি চেয়েছিল, কিন্তু তাদেরও দেওয়া হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন