অক্টোবর ১, ২০২৫, ০১:২৮ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে। বুধবার দুপুরে ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, "আমি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি পছন্দ করি না। ভারত, ইউরোপসহ কোনো দেশেই ছাত্র রাজনীতি নেই। রাজনীতিবিদরা রাজনীতির নামে ছাত্র-ছাত্রীদের ব্যবহার করছে।"ধর্ম উপদেষ্টা মাদ্রাসাশিক্ষা নিয়েও তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, "অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসাশিক্ষায় কোরআন-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে।
মনে রাখতে হবে মাদ্রাসাশিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদ্রাসাশিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরআন এবং হাদিস, ফেকাহ।"আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, "এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে নয়। অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন