অক্টোবর ৫, ২০২৫, ০৭:৫৫ পিএম
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ বিচরণ ও ডিম ছাড়া নিশ্চিত করতে বিশেষ অভিযানে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে দেশের ৯টি জেলার উপকূলীয় এলাকা এবং অভ্যন্তরীণ নদ-নদীতে ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। সরকারের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌবাহিনীর জাহাজগুলো সার্বক্ষণিক টহল প্রদান করছে।
নৌবাহিনীর মোতায়েনকৃত জাহাজগুলোর মধ্যে চাঁদপুর অঞ্চলে বানৌজা ধানসিঁড়ি ও শহীদ ফরিদ; কক্সবাজার এলাকায় বানৌজা অতন্দ্র, দুর্জয় ও সাগর; খুলনা অঞ্চলে বানৌজা মেঘনা, চিত্রা ও তিতাস এবং বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলেও নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ক্রাফট মোতায়েন রয়েছে।
গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার ট্রলারের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি অত্যাধুনিক মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী এই অভিযান পরিচালনা করছে। আইএসপিআর জানিয়েছে, জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করতে এবং দেশের মৎস্য সম্পদের সমৃদ্ধিতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা নিবেদিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন