অক্টোবর ৭, ২০২৫, ০৩:২১ পিএম
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরুর দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তদন্তের প্রয়োজনে আওয়ামী লীগের শরিক দলগুলোকেও বিচারের আওতায় আনা হতে পারে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, “এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে, আরও কোনো দলও এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।”
একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর একটি নতুন সংশোধনীর কথাও জানান। তিনি বলেন, এই সংশোধনী অনুযায়ী এখন থেকে ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে, তিনি আর কোনো সংসদীয় বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো সরকারি পদেও নিয়োগ পাবেন না।
চিফ প্রসিকিউটর বলেন, “একটি রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকে, তখন দেশকে সঠিক পথে তোলার জন্য সরকার এ ধরনের আইন সংশোধন করতে পারে।” তিনি জানান, এই আইন এখন থেকেই কার্যকর হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন