বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চানখাঁরপুল হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কী বলছেন উপদেষ্টা আসিফ?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৪:৪৮ পিএম

চানখাঁরপুল হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কী বলছেন উপদেষ্টা আসিফ?

ছবি - সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি বিচারকের সামনে সাক্ষ্য দেওয়া শুরু করেন।

এর আগে গতকাল বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছিলেন, আসিফ মাহমুদ এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী হিসেবে তার জবানবন্দি দেবেন।উল্লেখ্য, এই মামলায় এ পর্যন্ত মোট ১৮ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন নিহত শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ।

চানখাঁরপুল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এই মামলায় মোট আটজন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন উচ্চপদস্থ কর্মকর্তা পলাতক রয়েছেন। শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) আরশেদ হোসেনসহ বাকি চারজন বর্তমানে কারাগারে আটক আছেন।জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আসিফ মাহমুদের সাক্ষ্য এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।