অক্টোবর ১০, ২০২৫, ০৪:৪১ পিএম
ইউরোপের লন্ডন হিথ্রোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের বিমান পরিবহন খাতের সাইবার নিরাপত্তা জোরদার করতে ১০টি জরুরি নির্দেশনা দিয়ে দেশের সব বিমানবন্দরের প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, শক্তিশালী ও নিয়মিত পরিবর্তনশীল পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত বা সন্দেহজনক ই-মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা,
সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা, পাইরেটেড সফটওয়্যার বর্জন করা, অফিশিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু করা, দাপ্তরিক কাজে নির্ধারিত ই-মেইল ব্যবহার, তথ্যের নিয়মিত ব্যাকআপ রাখা এবং স্ক্যান না করে কোনো পেনড্রাইভ ব্যবহার না করা।
বেবিচক সূত্রে জানা গেছে, সম্প্রতি বেবিচকের নিজস্ব ওয়েবসাইটেও একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল। এর পরপরই ইউরোপের কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাইবার হামলায় ব্যাহত হয়। এই প্রেক্ষাপটে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরামর্শে এবং আগাম সতর্কতা হিসেবে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো সাইবার নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে বেবিচকের নিজস্ব সাইবার রেসপন্স টিমকে (CAAB-CERT) জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন