অক্টোবর ১০, ২০২৫, ০৫:৩২ পিএম
লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ‘ফ্লাই ওয়া’ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নম্বর YI5040) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, এসব বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।দূতাবাসের পক্ষ থেকে অভিবাসীদের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি প্রস্তুত করা, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করাসহ সকল প্রশাসনিক কাজে সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ত্রিপোলি বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানানোর সময় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ বলেন, “বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত কাজ করেছে। তাদের পরিবারের সঙ্গে এই পুনর্মিলনের মুহূর্তটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।”দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ায় আটকে পড়া বা সংকটে থাকা আরও বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন