সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধান থেকে শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১১:১৭ পিএম

সংবিধান থেকে শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব করেছে। দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন বাধ্যতামূলক করে যে সাংবিধানিক বিধানটি রয়েছে, সেই অনুচ্ছেদ ৪ক বিলুপ্ত করতে চায় কমিশন।

এ লক্ষ্যে, প্রস্তাবটি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করা হবে কিনা, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে চিঠি দিয়েছে কমিশন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সই করা এক চিঠিতে রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তাবের ওপর তাদের লিখিত মতামত আগামী ১১ অক্টোবর, শনিবার, বিকেল চারটার মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কমিশন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪ক-এ উল্লিখিত বিধানটি—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে’—বিলুপ্ত করার বিষয়টি বিবেচনা করছে।

উল্লেখ্য, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই অনুচ্ছেদটি সংবিধানে যুক্ত করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে এই প্রস্তাবটিকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।