অক্টোবর ১১, ২০২৫, ১১:৩৬ এএম
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান বলেছেন, দেশে এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার মধ্যে থাকা উচিত। তিনি বলেন, স্বল্পমেয়াদে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জ্বালানি উপদেষ্টা বলেন, “এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো এর দাম। বর্তমানে ১২০০ টাকার বেশি দামের সিলিন্ডারও অনেক ক্ষেত্রে বাজারে ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, “এটির দাম এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত।”তিনি আরও বলেন, দাম নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার (লজিস্টিকস) উন্নয়ন এবং বেসরকারি খাতের কার্যকারিতা বাড়ানো এখন সময়ের দাবি। দায়িত্বশীল ব্যবসায়িক মানসিকতা ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। উপদেষ্টা বলেন, যেহেতু এলএনজি আমদানি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই স্বল্পমেয়াদে জ্বালানি ঘাটতি মেটাতে এলপিজি একটি কার্যকর বিকল্প হতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন