অক্টোবর ১১, ২০২৫, ১২:২৯ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) দরকার নেই। কিন্তু এই ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।”
শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ নিয়ে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।ড. আসিফ নজরুল বলেন, “বর্তমানে সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই।
কিন্তু এই রাষ্ট্রযন্ত্র, যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক লুট হয়ে সাধারণ মানুষের আমানত উধাও হয়ে যায়—সেখান থেকে আমাদের জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।”তিনি আরও বলেন, “গত ৫৫ বছরে যে দুঃশাসনের চিত্র আমরা দেখেছি, তা থেকে বের হয়ে না আসতে পারলে সামনে আরও ভয়াবহতা অপেক্ষা করছে।”অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রতিষ্ঠানটি দেশের মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন