অক্টোবর ১২, ২০২৫, ০৩:২৯ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে এই হামলার কারণে পেজটি কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে, যদিও পরে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক চালানো হয়।”
তিনি অভিযোগ করে বলেন, “যুক্তিতর্কে বহু তথ্যপ্রমাণসহ তাদের (অভিযুক্তদের) নিষ্ঠুরতার বর্ণনা যেন দুনিয়াবাসী জানতে না পারে, এই অপরাধীরা এবং তাদের সহযোগীরা তা চায় না। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা প্রকাশ পাওয়াই তাদের ভয়। তাই আমাদের পেজে হামলা চালানো হয়েছে।”অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তাজুল ইসলাম বলেন, “আমাদের বার্তা স্পষ্ট—অপরাধ করে পার পাওয়া যাবে না, আর অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টাও সফল হবে না, ইনশাআল্লাহ।
আমরা কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ নই; আমরা ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি।”এর আগে, আজ বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর। ঐতিহাসিক এই শুনানি বাংলাদেশ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন