রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কয়েকজন শিক্ষক পুলিশ হেফাজতে, যা জানালেন ডিসি মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৪:০২ পিএম

কয়েকজন শিক্ষক পুলিশ হেফাজতে, যা জানালেন ডিসি মাসুদ

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত এমপিওভুক্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রাস্তা অবরোধ করে রাখা শিক্ষকদের সরিয়ে দেয় এবং এ সময় কয়েকজন শিক্ষককে হেফাজতে নেয়।

ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানান, যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “কয়েকজন পুলিশ হেফাজতে আছে। তবে তাদের আটকে রাখা বা তাদের বিরুদ্ধে মামলা করার কোনো ইনটেনশন (উদ্দেশ্য) আমাদের নেই। আমরা শিক্ষকদের সম্মান করি। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ জায়গাটায় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা।”

ডিসি মাসুদ আলম আরও জানান, আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে অর্থ সচিবের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হয়েছিল। তিনি বলেন, “তারা কথা বলে এসেছেন এবং সেখান থেকে ফিরে এসে নিজেরাই প্রেসক্লাব এলাকা ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।”এদিকে, পুলিশের বাধার মুখে প্রেস ক্লাব এলাকা থেকে সরে গিয়ে শিক্ষকরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা তাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চালিয়ে যাবেন এবং দাবি আদায়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।