অক্টোবর ১৩, ২০২৫, ১২:৩১ পিএম
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে। গতকাল রোববার ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদেও এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা পাঠদান থেকে বিরত রয়েছেন। তবে, শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলতে দেখা গেছে, যদিও সেখানকার শিক্ষকরাও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
এদিকে, রোববার পুলিশি বাধার মুখে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকরা আজও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
উল্লেখ্য, রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান নিলে দুপুরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ ওঠে, এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন