অক্টোবর ১৫, ২০২৫, ০৪:৩৩ পিএম
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে তাদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে শিক্ষকদের দাবি অনুযায়ী মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হবে।
বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র জানায়, প্রস্তাবে শুধু ২০ শতাংশই নয়, শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫, ১০ বা ৫ শতাংশ হারে বৃদ্ধি করলে সরকারের কত টাকা ব্যয় হবে, তার একটি পূর্ণাঙ্গ চিত্রও তুলে ধরা হয়েছে, যাতে অর্থ মন্ত্রণালয় তাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে।
এই খবর এমন এক সময়ে এলো, যখন শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এবং সারাদেশে তাদের লাগাতার কর্মবিরতি চলছে। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এর আগে সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার একটি প্রজ্ঞাপন জারি করলে, শিক্ষকরা সেটিকে ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করে এবং লাগাতার আন্দোলনের ডাক দেয়। নতুন এই প্রস্তাবের মাধ্যমে সরকার এখন সমাধানের পথে হাঁটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, তবে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এখন সবকিছু নির্ভর করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন