অক্টোবর ১৫, ২০২৫, ০৮:১২ পিএম
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই আগামী শুক্রবার (১৭ অক্টোবর) ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হতে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক জরুরি বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে। জাতি এর জন্য অধীর অপেক্ষায় রয়েছে।”
বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ‘জুলাই সনদ’ এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কয়েকটি দলের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে উপস্থিত থেকে দলগুলোর বক্তব্য শোনেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমরা কোনো ধরনের ঝামেলার মধ্যে যেতে চাই না। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকার ও তাদের সহযোগীরা সুযোগের অপেক্ষায় থাকবে। সুতরাং আমাদের অতি বিপ্লবী হলে চলবে না, বাস্তবতার নিরিখে থাকতে হবে।” তার এই বক্তব্যে বৈঠকে উপস্থিত বেশিরভাগ দলই সমর্থন জানায় বলে জানা গেছে।
বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য অর্জিত হয়েছে এবং আগামী শুক্রবার সবাই মিলে এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবেন।এই সিদ্ধান্তের ফলে সনদ স্বাক্ষর নিয়ে যে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন