অক্টোবর ১৫, ২০২৫, ০৮:৩৪ পিএম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা এবং তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। তারা অবিলম্বে শিক্ষকদের ‘যৌক্তিক’ দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, “দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।”একই দিনে, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, “শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা—এই তিন দফা দাবিতে গত রোববার থেকে ঢাকার রাজপথে লাগাতার কর্মসূচি পালন করছেন হাজার হাজার শিক্ষক। রোববার প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে, তারা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন।
আজ বুধবারও শিক্ষকরা তাদের দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।এমন পরিস্থিতিতে এনসিপি নেতাদের এই সমর্থন শিক্ষকদের আন্দোলনকে আরও গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন