বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনের প্রস্তুতি: প্রশিক্ষণে নামছেন ইউএনওরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৩৬ পিএম

নির্বাচনের প্রস্তুতি: প্রশিক্ষণে নামছেন ইউএনওরা

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রস্তুত করতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রথম ধাপে আগামী ২০ অক্টোবর (সোমবার) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন কর্মকর্তা অংশ নেবেন।চিঠিতে উল্লেখিত কর্মকর্তাদের তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন তার নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিশাল কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউএনওদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে অন্যান্য কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে বলে ইসি সূত্রে জানা গেছে।