বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

থালা হাতে ‘ভুখা মিছিল’ কাল, বড় শোডাউনের পরিকল্পনা শিক্ষকদের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৮:২৮ পিএম

থালা হাতে ‘ভুখা মিছিল’ কাল, বড় শোডাউনের পরিকল্পনা শিক্ষকদের

ছবি - সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলনকে আরও তীব্রতর করছেন। আজ শনিবার ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির পর, আগামীকাল রোববার (১৯ অক্টোবর) দুপুরে ‘থালা হাতে ভুখা মিছিল’ করার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই নতুন কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, রোববার দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ‘ভুখা মিছিল’ শুরু হয়ে শিক্ষা ভবন অভিমুখে যাবে।

এর আগে, আজ দুপুরে শিক্ষকরা শহীদ মিনার থেকে ‘কালো পতাকা মিছিল’ বের করে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা চত্বরে গিয়ে সমাবেশ করেন। সেখানে তারা সরকারকে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের লাগাতার অনশন কর্মসূচি আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে।

আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করব না।” তিনি শিক্ষা উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বলেন, “শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য আন্দোলনে উস্কানি দিচ্ছেন। তিনি সরকার ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চান।”

শিক্ষকদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ একাধিক রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে ‘নীতিগতভাবে একমত’ পোষণ করা হয়েছে। তবে, বিএনপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই আন্দোলনকে পুঁজি করে কেউ ‘গণতান্ত্রিক উত্তরণে’ প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।