বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো দলের কাছে নয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:২২ এএম

ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো দলের কাছে নয়

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, "নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়।"

রোববার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের কাজ হলো আইন ও সংবিধান অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

কে কী বললো, বা কোন দল কী দাবি করলো, সেদিকে তাকিয়ে আমরা সিদ্ধান্ত নেব না। আমাদের সকল কর্মকাণ্ড আইন দ্বারা পরিচালিত হবে।”দেশে শিক্ষকদের আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি-দাওয়া ও নির্বাচনকালীন সংস্কার নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনারের কাছ থেকে এমন কঠোর ও নিরপেক্ষতার বার্তা এলো। তিনি জানান, ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করছে এবং কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করবে না।