অক্টোবর ২১, ২০২৫, ০৩:৫৪ পিএম
ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনে ‘জুলাইয়ের চেতনাবিরোধী’ কর্মকাণ্ড পরিচালনা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে নবগঠিত ‘সর্বদলীয় কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ’।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের নেতারা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আ. ছালাম খানের কাছে স্মারকলিপিটি জমা দেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, দেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ে ‘পরাজিত আওয়ামী ঘরানার’ প্রভাব এখনো অটুট রয়েছে। প্রতিষ্ঠানটি আবারও ‘আওয়ামী তোষণ ও পুনর্বাসনের ঘাঁটিতে’ পরিণত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তারা বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে নির্যাতিত কর্মকর্তাদের কেউ কেউ বরিশালসহ দূরবর্তী জেলায় শাস্তিমূলক বদলির শিকার হচ্ছেন, আবার আওয়ামী ঘরানার বিতর্কিত কর্মকর্তাদের ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে।স্মারকলিপিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দোকান বরাদ্দে ভয়াবহ দুর্নীতির কথাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।
অভিযোগ করা হয়, টেন্ডার কমিটির অনুমোদন ছাড়াই দুই শতাধিক দোকান অতি কম মূল্যে বরাদ্দ দিয়ে প্রায় ১৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, যা পরবর্তীকালে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।এর পরিপ্রেক্ষিতে, পরিষদ ছয় দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আওয়ামী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন বন্ধ করা, বায়তুল মোকাররম দুর্নীতির পূর্ণ তদন্ত করা, নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল, ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণ এবং ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন