রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দাবি পূরণ করবে এমন প্রার্থীদের ভোট দেবেন’,উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৬:০০ পিএম

দাবি পূরণ করবে এমন প্রার্থীদের ভোট দেবেন’,উপদেষ্টা

ছবি - সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আগামীতে নির্বাচিত সরকার আসবে, অর্থাৎ দলীয় সরকার। আপনারা এমন প্রার্থীদের ভোট দেবেন, যারা আপনাদের দাবি পূরণ করবেন। প্রার্থী বড় দলের না ছোট দলের—তা মুখ্য নয়। যে প্রার্থী আপনাদের হয়ে কথা বলবেন, সেই প্রার্থী যেন আপনাদের প্রতিনিধি হতে পারেন।”

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষ থেকে তাদের ভাগ্য পরিবর্তনে আলাদা ব্যাংক প্রতিষ্ঠা, মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে (বছরের ছয় মাস) প্রতি মাসে ৬০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা বরাদ্দ এবং কোনো জেলে মারা গেলে তার পরিবারকে এককালীন পাঁচ লাখ টাকা সহায়তাসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

উপদেষ্টা ফরিদা আখতার ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, “আপনারা বলেছেন ২২ দিনের পরিবর্তে ১১ দিন করতে, কারণ ভারত এটি করেছে। ভারত কী করছে, তা আমাদের নীতি নয়। বরং ইলিশের প্রজননের সময়টি আশ্বিনের পূর্ণিমা ধরে, অনেক গবেষণা করে এবং জেলে প্রতিনিধিদের সম্মতি নিয়েই এই নিষেধাজ্ঞার সময় ঘোষণা করা হয়েছে।” তিনি আরও জানান, নদীতে চর জেগে ওঠায় মাছের চলাচলে যে সমস্যা হচ্ছে, সে বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ড্রেজিং করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. বাবুল মীরের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন।