রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ক্ষমতা ছাড়ার আগে যা করতে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৭:১৩ পিএম

ক্ষমতা ছাড়ার আগে যা করতে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে আসার আগেই গণমাধ্যম সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে যেতে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এর মধ্যে রয়েছে ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি’ প্রণয়ন, সাংবাদিকতা সুরক্ষা আইন পাস, সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা তৈরি এবং যেসব পত্রিকা নিয়মিত ছাপা হয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি তার এই পরিকল্পনার কথা জানান। উপদেষ্টা আরও ইঙ্গিত দেন যে, আগামী নভেম্বরের শেষ নাগাদ মন্ত্রিসভার নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে (ক্যাবিনেট ক্লোজ), তাই যা করার তা আগামী মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে।

মাহফুজ আলম বলেন, বিভিন্ন সংস্কার কমিশন থেকে মোট ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব সরকারের কাছে এসেছে। মন্ত্রণালয়গুলো সেগুলো পর্যালোচনা করে এর মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করছে। তিনি অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়েও কথা বলেন। তার মতে, কনটেন্ট নির্মাণ তথ্য মন্ত্রণালয়ের আওতায় থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে তা প্রকাশিত হলে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে চলে যাবে।

সরকার ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্টগুলোকে একটি নীতিমালার আওতায় আনার চেষ্টা করছে। তিনি জানান, ইউটিউবে কোনো কনটেন্ট প্রকাশ করে যদি কেউ আয় করেন, তবে তাকেও এই নীতিমালার আওতায় আনা হবে।সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম বেতন কাঠামোর বিষয়ে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া হতে পারে। সরকারি চাকরিজীবীদের নবম গ্রেডের কাছাকাছি যাতে এই বেতন হয়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি গণমাধ্যমের আর্থিক সক্ষমতা বাড়াতে পত্রিকার প্রচার সংখ্যা কম দেখিয়ে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে মত দেন। তবে এক্ষেত্রে প্রচার সংখ্যার সঠিক তথ্য নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তিনি হুঁশিয়ারি দেন, যেসব গণমাধ্যম মালিক সাংবাদিকদের ন্যূনতম বেতনসহ অন্যান্য সুবিধা দিতে পারবে না, তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে এবং তাদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে গত এক বছরে তিনবার বৈঠক করেও সফল না হওয়ার কথাও জানান তিনি। মালিকরা রাজি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন মাহফুজ আলম।