নভেম্বর ১, ২০২৫, ১১:২৭ এএম
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার (০১ নভেম্বর) থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের দীর্ঘ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের সব ধরনের ইলিশ মাছ, যা জাটকা নামে পরিচিত, তা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি এই আইন অমান্য করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী, অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ সফলভাবে পরিচালনা করা হয়েছিল। সেই অভিযান শেষ হওয়ার পরই এবার জাটকা রক্ষায় নতুন এই নিষেধাজ্ঞা শুরু হলো।
মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোর প্রশাসন, জেলা মৎস্য অফিস, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করা হবে। মৎস্য অধিদপ্তর সারা দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই তদারকি নিশ্চিত করবে। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য ইলিশের উৎপাদন বৃদ্ধি করে দেশের আমিষের চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি করা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন