নভেম্বর ৮, ২০২৫, ০৮:১৪ পিএম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার রাজনৈতিক পরিকল্পনার কথা জানান।
স্নিগ্ধ মনে করেন, বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। তিনি বলেন, এই বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তিনি আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাবেন এবং রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য এই সুযোগ কাজে লাগাতে পারবেন।স্নিগ্ধ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান তার পুরো জীবনকে পাল্টে দিয়েছে এবং তার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরা-আজমপুরেই শহীদ হয়েছেন।
তিনি বলেন:তাই আমার সব থেকে বেশি কাজ করার আগ্রহ উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে। যদি কখনো সুযোগ হয়, যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য, আমাকে জিজ্ঞাসা করলে, আমি অবশ্যই উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য চাইব।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, তিনি আশা করেন আগামী নির্বাচনে একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। তাঁর প্রত্যাশা, নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন