নভেম্বর ১১, ২০২৫, ০৮:০৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা অবৈধ বলে গণ্য হবে। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে।
সমমনা আট দলের আয়োজিত এক বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে’ এই সমাবেশের ডাক দেওয়া হয়।
চরমোনাই পীর তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে।
অথচ দেশ পরিচালনাকারী অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের প্রস্তাব করেছে, যা যৌক্তিক নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, “গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে? গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পেলেই কেবল জাতীয় নির্বাচনও আইনি ভিত্তি পাবে। অন্যথায় এই নির্বাচন অবৈধ হবে।
সমাবেশে তিনি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা অপশক্তির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ভারতে পালাতে পেরেছে। কিন্তু নতুন করে যারা ফ্যাসিবাদী হতে চাইছেন, তারা পালাবেন কোথায়? বিএনপির কথায় একই দিনে গণভোট দেওয়ার যারা পাঁয়তারা করছে, তাদের উদ্দেশ্য ভালো নয়—দেশের মানুষ তা বুঝে গেছে।”
সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে চরমোনাই পীর বলেন, “আমাদের আর কতবার রাস্তায় আসতে হবে? আমরা শান্ত ও নম্র ভাষায় আমাদের দাবি জানিয়ে গেলাম। এরপরেও যদি সরকারের বোধোদয় না হয়, তাহলে এমন কর্মসূচি আসবে যে আপনারা দাবি মানতে বাধ্য হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন