নভেম্বর ১২, ২০২৫, ০৩:২৮ পিএম
দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিদেশে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান।
তিনি বলেন, “আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।
এর আগে বিএনপির একাধিক নেতা দ্রুত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বললেও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ছেড়ে লন্ডনে যান তারেক রহমান। গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতা অনেকটা কাটলেও তিনি এতদিন দেশে ফেরেননি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই ফেরা দেশের রাজনীতিতে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে।
নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। জানা গেছে, তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী ঘাঁটি। ১৯৯৬ সালের জুন মাস থেকে বেগম জিয়া এই আসনটিতে কখনো পরাজিত হননি। মায়ের সেই ঐতিহ্যবাহী আসনেই এবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন