নভেম্বর ২২, ২০২৫, ০১:১৪ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের নেতৃত্বে এই শোভাযাত্রায় প্রায় ১০ হাজার মোটরসাইকেল অংশ নেয়।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর থেকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা ও ১১টি ইউনিয়ন পর্যায়ের জামায়াত সমর্থক নেতাকর্মীরা নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও নজিপুর পাবলিক মাঠে সমবেত হন।
পরে সমাবেশে সকাল ৯টায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হকসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল র ্যালিটি শুরু হয়।র ্যালিটি নজিপুর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধামইরহাট উপজেলা সদর ও ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে আগ্রাদ্বিগুন-পত্নীতলা উপজেলায় মধইল বাজার প্রদক্ষিণ করে আবার নজিপুর পাবলিক মাঠ ও নজিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে দলটির কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং ইঞ্জিনিয়ার এনামুল হক ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পত্নীতলা উপজেলা সোস্যাল মিডিয়া সেক্রেটারি মো. আমানুল্লাহ জানান, এই কর্মসূচিতে পত্নীতলা ও ধামইরহাট উপজেলা মিলিয়ে প্রায় ২২ হাজার জামায়াত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তিনি জানান, কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও মেডিকেল টিম এবং মোটরসাইকেল মেরামতের ব্যবস্থাও রাখা হয়েছিল।
ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, "এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন