শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের আগে নতুন জোট নিয়ে আসছে এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১১:০৩ এএম

নির্বাচনের আগে নতুন জোট নিয়ে  আসছে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে 'তৃতীয় শক্তি' হিসেবে একটি নতুন রাজনৈতিক জোট গঠন হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এই জোটে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফরম এবং আগ্রহী অন্যান্য দল নিয়ে বিজয়ের মাস ডিসেম্বরে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জোট গঠিত হলেও, এর মূল উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক সংস্কার নিশ্চিতে একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (প্রেশার গ্রুপ) হিসেবে ভূমিকা রাখা।

একই সাথে, জাতীয় নির্বাচনেও দলগুলো জোটবদ্ধভাবে অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফরম একতাবদ্ধ হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, তৃতীয় এই শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

এছাড়া, গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত মোটাদাগে পাঁচটি দল ও সংগঠন এই জোটে অংশ নিচ্ছে।এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের বিষয়ে ইতিবাচক দলগুলোকে নিয়েই নতুন রাজনৈতিক বলয় গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। এই জোট গঠন সফল হলে তা দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক সংস্কার নিশ্চিতে কাজ করবে।

জানা যায়, এর আগে গত অক্টোবরে জোট গঠনের আলোচনা শুরু হলেও বিভিন্ন কারণে তা স্থগিত হয়ে যায়। তবে সেই সময়ে আপ বাংলাদেশ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে একাধিক কর্মসূচি পালন করেছিল। সর্বশেষ গত রবিবার ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়েই এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে।

মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, জোট গঠনের বিষয়ে দলগুলো ইতিবাচক। তবে শেষ সময়ে এসে আরও কয়েকটি দল জোটে আসার আগ্রহ প্রকাশ করায় জোট প্রকাশ্যে আসতে কিছুটা সময় লাগছে। তিনি বলেন, এই জোটের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য সুদূরপ্রসারী, তবে আসন্ন নির্বাচনেও এই জোট একতাবদ্ধ থাকবে।