সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে, আমরা অসিলা মাত্র’: হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:৫৮ পিএম

‘নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে, আমরা অসিলা মাত্র’: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না।" তিনি নিজেকে সেই ফয়সালার ‘অসিলা’ মাত্র বলে উল্লেখ করেন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় হাসনাত আব্দুল্লাহ আবেগাপ্লুত হয়ে বলেন, নির্বাচনে তিনি যদি ১০টা ভোটও পান তবু দেবীদ্বার ছেড়ে যাবেন না।যদি হেরেও যাই তারপরও আমি দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবীদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন।

আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।"তিনি বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটেখাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন।

তিনি বলেন, "অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।"