ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:০০ পিএম
সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি (তৃণমূল এনসিপি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলামোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তৃণমূল এনসিপি নামের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
বিক্ষোভ মিছিল থেকে সদ্য পদত্যাগ করা এই দুই ছাত্র উপদেষ্টার দুর্নীতি তদন্তের দাবি জানানো হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
নতুন এই দলের আত্মপ্রকাশের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া সেই পোস্টে তিনি জানান, খুব দ্রুত তৃণমূল এনসিপির কার্যক্রম শুরু হবে। তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা জুলাইকে ধারণ করে সততা ও নীতির উপরে থেকে বাংলাদেশপন্থি রাজনীতি করতে চান, তারা যোগাযোগ করুন।
এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হলো যে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যেই বিভাজন তৈরি হয়েছে এবং এক পক্ষ পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন