শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

হাদির স্বপ্ন বাস্তবায়নের শপথ নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:১০ এএম

হাদির স্বপ্ন বাস্তবায়নের শপথ নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন।

নাহিদ ইসলাম হাদির এই প্রয়াণকে ‘শহীদি মৃত্যু’ হিসেবে অভিহিত করে তাঁর পোস্টে উল্লেখ করেন:ওসমান হাদি হাসিমুখেই শহীদি মৃত্যুকে বরণ করেছেন। তিনি জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য সাহস ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন।

নাহিদ ইসলাম আরও বলেন যে, হাদি যে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই থামবে না।

তিনি হাদির এই আত্মত্যাগকে ভবিষ্যতের আন্দোলনকর্মীদের জন্য এক স্থায়ী প্রেরণা ও দিকনির্দেশনা হিসেবে বর্ণনা করেন।নাহিদ ইসলামের এই পোস্টে হাজার হাজার মানুষ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পোস্টে হাদির লড়াই ও আধিপত্যবাদবিরোধী ভূমিকার প্রশংসা করে বলা হয়, হাদির মৃত্যু জুলাই আন্দোলনের চেতনার জয়যাত্রা আরও ত্বরান্বিত করবে।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি।

উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাদির এই মৃত্যুতে দেশের রাজনৈতিক ও ছাত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে।একই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও শোক প্রকাশ করে বলেছেন, আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়। হাদির মৃত্যু আজ পুরো ছাত্র সমাজকে নতুন এক সংগ্রামের দিকে ধাবিত করছে।