রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে:গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৪২ পিএম

হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে:গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে। হাদির শাহাদাতের পর দেশের মানুষের মধ্যে যে বিপ্লবী আকাঙ্ক্ষা ও আবেগ সৃষ্টি হয়েছে, তা এক বিরল ঘটনা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শরিফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি শির উঁচু করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

তার নামাজে জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে আল্লাহ তাকে দুনিয়ায় কত উঁচু মর্যাদা দিয়েছেন।” তিনি হাদিকে একজন সৌভাগ্যবান শহীদ হিসেবে অভিহিত করে বলেন, হাদি বারবার শাহাদাতের তামান্না ব্যক্ত করেছিলেন এবং আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন।হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াত নেতা বলেন, “অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ব্যাপারে আমরা সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করছি।

প্রধান উপদেষ্টা হাদির জানাজায় অংশগ্রহণ করে যে ওয়াদা করেছিলেন, তা অবিলম্বে পূরণ করার জন্য আমি আহ্বান জানাই।তিনি আরও বলেন, হাদি যে আধিপত্যবাদমুক্ত, সার্বভৌম ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন ১৮ কোটি মানুষের।দোয়া মাহফিলে হাদির বড় ভাই ওমর বিন হাদি তার ভাইয়ের স্মৃতি চারণ করে বলেন, ওসমান সবসময় বলত তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর। সে শোষণ-জুলুমের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ার জন্য রাজপথে নেমেছিল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা এটিএম মা’ছুম, সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন ও অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধভাবে হাদির অসমাপ্ত বিপ্লব সফল করার শপথ নেন।