ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বিকেল তিনটার একটু পরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে এসে পৌঁছেছেন। দীর্ঘ সতেরো বছর পর প্রবাস জীবন শেষ করে দেশে ফেরার পর এটিই তার প্রথম বাবার মাজার জিয়ারত।
তিনি তাঁর পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে যান।
প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং স্বাগত জানানোর জন্য মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় আগে থেকেই দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান করছিলেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী জিয়া উদ্যানে বাবার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারেক রহমানের এই চলাচলের পথ এবং গন্তব্যস্থলগুলোকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে শুরু করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের একাধিক টিম ও ট্রাফিক বিভাগের সদস্যরাও রাস্তায় দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য দীর্ঘ নির্বাসন কাটিয়ে গতকাল বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন এবং আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন যা রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন