জানুয়ারি ২, ২০২৬, ০৯:৫৫ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার, ২ জানুয়ারি দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোতে এই বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবেই এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।
গত মঙ্গলবার সংস্থার পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় রাষ্ট্রীয়ভাবে যে তিন দিনের শোক পালন করা হচ্ছে।
তার অংশ হিসেবেই এই দোয়ার আয়োজন। কর্মসূচিপালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে।
চিঠিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় শোকের এই আবহে বেগম খালেদা জিয়ার মাগফিরাত বা আত্মার শান্তি কামনায় আজ ২ জানুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়গুলোতেও তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন