সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শীত ও কুয়াশা উপেক্ষা করে খালেদা জিয়ার কবরে মানুষের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:১০ এএম

শীত ও কুয়াশা উপেক্ষা করে খালেদা জিয়ার কবরে মানুষের ঢল

তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা শুক্রবারের সকাল। হাড়কাঁপানো এই শীতের মধ্যেও বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষ ছুটে আসছেন জিয়া উদ্যানে, যেখানে গত কয়েকদিন ধরে শায়িত রয়েছেন এই বর্ষীয়ান নেত্রী।

কেবল দলীয় নেতাকর্মী বা পুরুষরাই নন, নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সবার গন্তব্য একটাই—প্রিয় নেত্রীর কবর জিয়ারত এবং তার রূহের মাগফিরাত কামনা করা।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় এক আবেগঘন পরিবেশ।

শত শত মানুষ শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে জড়ো হয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে কেউ নীরবে চোখের পানি ফেলছেন, কেউবা সূরা পাঠ ও দোয়া-দরুদের মাধ্যমে মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাত কামনা করছেন। দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার অবদান স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবেশটি যেন শোক আর শ্রদ্ধার এক মিলনমেলায় পরিণত হয়েছে।জিয়ারতকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি চাকরিজীবী নাজমুল। তিনি তার স্ত্রী এবং পাঁচ বছরের শিশুকন্যা ওানিয়াকে নিয়ে সকালেই ছুটে এসেছেন কবর জিয়ারতে।

দোয়া শেষে আবেজড়িত কণ্ঠে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন এক আপোষহীন নেত্রী। তিনি আলেম-ওলামাদের ভালোবাসতেন এবং তাদের সম্মানে সব সময় সচেষ্ট ছিলেন। মূলত এসব কারণেই পরিবারের সবাইকে নিয়ে তার কবরে এসে দোয়া করতে এসেছি। নাজমুলের মতো এমন অসংখ্য সাধারণ মানুষ তাদের হৃদয়ের ভালোবাসা জানাতেই শীতের সকালে ভিড় করেছেন এই চত্বরে।