জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:৫৩ পিএম
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’।
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল এবং তিন জন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়েছে।
প্ল্যাটফর্মটির তিন মুখপাত্র হলেন লেখক ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত।
এনপিএ-র ঘোষিত পাঁচটি মূলনীতি হলো—গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা। ঘোষণাপত্রে বলা হয়, জুলাই অভ্যুত্থানের দেড় বছর পর পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পুনরুত্থান ঘটছে এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসরের স্বপ্ন ম্লান হয়ে যাচ্ছে—এমন বাস্তবতায় নাগরিকদের অধিকার রক্ষায় তারা রাজপথে কাজ করবেন।

কাউন্সিল সদস্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী অনিক রায়সহ ছাত্র ইউনিয়নের শীর্ষ নেতারা রয়েছেন। অনুষ্ঠানে ফরহাদ মজহার, মোশরেফা মিশু এবং আলতাফ পারভেজের মতো বিশিষ্ট চিন্তক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনপিএ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন