জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:০৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। জোটে সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে বাকি ৩টিতেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থীদের ছবি ও আসনের নামসহ একটি আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলটির নতুন নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’তে ভোট চাওয়া হয়েছে।
এনসিপির সূত্র জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার পর আসন সংখ্যা আরও বাড়াতে তারা জামায়াতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে দেশের আলোচিত ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ আসনগুলোতে লড়বেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লড়বেন পঞ্চগড়-১ আসনে। এ ছাড়া ঢাকা-৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচনে লড়বেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনি সমঝোতার ভিত্তিতে আপাতত এই ২৭ জনকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।তালিকায় অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ এবং ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম।
এ ছাড়া গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম এবং লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম লড়বেন। এনসিপি মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারির পর থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। তখন বাকি ৩টি আসনের প্রার্থীর নামও প্রকাশ করা হবে। এই তরুণ ও নতুন প্রার্থীদের হাত ধরে দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আশা করছে এনসিপি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন